×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির

২০২৬ অক্টোবর ২৯ ২৩:৩৮:০৯
ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম নয় মাসে সিঙ্গার বাংলাদেশের ব্যবসার পরিমাণ বেড়েছে ৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের বেশি। তবে বিক্রি ও পরিচালন মুনাফা বাড়লেও শেষ পর্যন্ত লোকসান কমাতে পারেনি ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনকারী কোম্পানিটি। বরং গত সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় আরও বেড়েছে। কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে সিঙ্গার বাংলাদেশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের কাছে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে।

কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গার বাংলাদেশের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যবসা হয়েছিল ১ হাজার ৭৮১ কোটি টাকার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যবসা বেড়েছে ৭৩ কোটি টাকা। এ সময়ে পরিচালন মুনাফাও বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯১ কোটি টাকা।

তবে পরিচালন পর্যায়ে মুনাফা অর্জন করেও চূড়ান্ত হিসাবে লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। ব্যাংকঋণের সুদ, সরকারি কর এবং শ্রমিক কল্যাণ তহবিলে ব্যয়ের কারণে পরিচালন মুনাফা শেষ পর্যন্ত লোকসানে রূপ নিয়েছে। ফলে ব্যবসা ও পরিচালন মুনাফা বাড়ার সুফল শেয়ারধারীদের জন্য ইতিবাচক নিট আর্থিক ফলে পরিণত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকঋণের সুদ বাবদ সিঙ্গারের ব্যয় বেড়ে ২০৫ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ১৯২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ খরচ বেড়েছে ১৩ কোটি টাকা। পাশাপাশি শ্রমিক কল্যাণ তহবিলে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ব্যয় হয়েছে ১০৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ১০১ কোটি টাকা। এ ছাড়া চলতি বছরের প্রথম নয় মাসে সরকারকে কর হিসেবে ১১ কোটি টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এসব ব্যয় মেটানোর পর চলতি বছরের প্রথম নয় মাসে সিঙ্গার বাংলাদেশের নিট লোকসান দাঁড়িয়েছে ১১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৪ কোটি টাকা।

লোকসানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোম্পানিটি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পণ্যের বিক্রি প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তাও ব্যবসায় প্রভাব ফেলেছে। উৎপাদন ব্যয় বাড়লেও বাজারের পরিস্থিতি বিবেচনায় পণ্যের দাম বাড়ানোর সুযোগ সীমিত ছিল। এসব প্রতিকূলতার কারণে বিক্রি কিছুটা বাড়লেও লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে পারেনি সিঙ্গার বাংলাদেশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে