×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও

২০২৬ অক্টোবর ২৬ ১৯:০২:২৫
ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক—জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। লক্ষণীয় বিষয় হলো, এর মধ্যে দুটি ব্যাংকের শীর্ষ পদে নিয়ে আসা হয়েছে বেসরকারি ব্যাংকিং খাতের অভিজ্ঞ কর্মকর্তাদের। একই আদেশে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের পূর্ববর্তী অপসারণ আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রেখেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই রদবদলে জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মাহবুব আলম। অন্যদিকে অগ্রণী ব্যাংকের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদের হাতে। আর বেসিক ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকেরই উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা। এই তিন কর্মকর্তা আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে ব্যাংকগুলোর নেতৃত্ব দেবেন।

সরকারি ব্যাংকে বেসরকারি খাতের জ্যেষ্ঠ ব্যাংকারদের শীর্ষ পদে বসানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে সাউথইস্ট ও প্রাইম ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে অগ্রণী ব্যাংকের এমডি করা হয়েছিল, যিনি বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান। এ ছাড়া গত জুনে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের তদানীন্তন ডিএমডি আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দিয়েছিল সরকার।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দফায় রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের চুক্তিভিত্তিক এমডিদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল। প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের মো. জসিম উদ্দিনের চুক্তি বাতিল হয়। পরবর্তীতে ১৯ অক্টোবর দ্বিতীয় দফায় সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবুর রহমান ও রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তি বাতিল করা হয়েছিল। তবে নতুন নির্দেশনায় সোনালী ব্যাংকের এমডির অপসারণ আদেশটি বাতিল করা হলো।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে