×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’

২০২৬ অক্টোবর ২১ ১৫:২৯:৩৪
‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীদের নিয়ে দেওয়া তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ঘটনায় দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার দাবি উঠেছে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে পোস্টটি তার ফেসবুক টাইমলাইন থেকে মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা মনে করেন, গণমাধ্যমকর্মীদের একটি পেশাজীবী গোষ্ঠী হিসেবে এভাবে মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা কোনো কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়। সাংবাদিকদের নিয়ে এমন বক্তব্য পেশাটিকে হেয় করার শামিল বলেও মন্তব্য করেছেন কয়েকজন গণমাধ্যমকর্মী।

প্রতিবাদকারীরা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা প্রয়োজন। একই সঙ্গে তারা এ মন্তব্যের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পেশাগত শিষ্টাচার ও দায়িত্বশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

জেলার গণমাধ্যমকর্মীরা ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে