×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!

২০২৬ অক্টোবর ২১ ০৭:০৫:৪০
ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়াত্ব অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের একটি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আত্মসাৎ করা অর্থ দিয়ে হাটহাজারীতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলার অভিযোগও উঠেছে।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বাদী হয়ে সোমবার মামলাটি করেন। আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের লালদীঘিপাড় এলাকার পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তাঁর সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে কৌশলে ব্যাংকের ভল্ট থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়। ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকার সুযোগ কাজে লাগিয়ে কামরুল হোসেন এ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, এক হাজার টাকার নোটের বান্ডিলের মধ্যে ১০০ টাকা ও তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে রাখা হতো। পাশাপাশি হিসাবের খাতায় তথ্য সমন্বয় করে ভল্টে পর্যাপ্ত অর্থ রয়েছে বলে দেখানো হতো। পরে সরিয়ে নেওয়া টাকা সহযোগী তানভীরের কাছে হস্তান্তর করা হতো বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে গরুর খামার গড়ে তোলা হয়। খামারটির দেখাশোনার দায়িত্বে ছিলেন তানভীর। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ৫০ থেকে ৬০টি উন্নত জাতের গরু রয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, ৯ আগস্ট ব্যাংকের নিয়মিত লেনদেন শেষে হিসাব মেলানোর সময় ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। পরদিন ১০ আগস্ট ব্যাংকের চট্টগ্রাম জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদের নির্দেশে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে দুদকের তদন্ত শুরু হলে সংশ্লিষ্ট নথিপত্র কমিশনের কাছে দেওয়া হয়।

দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার বাদী ও দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানোর ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী বা বাইরের কেউ এতে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে