×
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ অক্টোবর ২০ ২০:১১:৫০
সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের নিয়মেই বহাল থাকবে বিভিন্ন ধরনের ভাতা।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ভাতা প্রদানের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের ভিত্তিতে আগের হারেই ভাতা দেওয়া হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। সে সময় নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরবর্তী সময়ে বাস্তবায়নের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলেও বেতন ও ভাতার সব সুবিধা একসঙ্গে চালু করা হচ্ছে না। কয়েকটি ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করার কথা রয়েছে। অন্যদিকে, সংশোধিত কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি।

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের কার্যক্রমও চলছে। এ লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে সরকারি আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের বেতন পরিশোধের সময় সরকারি কর্মচারীদের মূল বেতনে বাড়তি অর্থ যুক্ত হতে পারে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মচারীরা আগের নিয়মেই বিভিন্ন ধরনের ভাতা পাবেন। ফলে নতুন বেতন কাঠামোর আওতায় মূল বেতনে পরিবর্তন এলেও ভাতার ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে