×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

২০২৬ অক্টোবর ১৮ ০৯:১৬:২১
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের মধ্যে পাঁচটিই চীনের। মোট সম্পদের ভিত্তিতে বিশ্বের শীর্ষ চারটি ব্যাংকের সব কটিই দেশটির। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকায় উঠে এসেছে বৈশ্বিক ব্যাংকিং খাতে চীনের শক্তিশালী অবস্থানের চিত্র। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকগুলোর একটি জেপি মরগান চেজ।

তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হলো চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার। ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণ, বিনিয়োগ ও নগদ অর্থসহ ব্যাংকগুলোর মোট সম্পদ বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীনের এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৬ লাখ ৯৭ হাজার কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সম্পদ ৬ লাখ ৫২ হাজার কোটি ডলার। আর ৫ লাখ ৪৮ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না। ফলে বিশ্বের শীর্ষ চার ব্যাংকের সম্পদই চীনের আর্থিক খাতের নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ রয়েছে তালিকার পঞ্চম স্থানে। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৪ লাখ ৪২ হাজার কোটি ডলার। সম্পদের হিসাবে শীর্ষে থাকা আইসিবিসির সম্পদ জেপি মরগান চেজের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি। চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে বিবেচিত হচ্ছে জেপি মরগান চেজ।

শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা। ব্যাংকটির সম্পদের পরিমাণ ৩ লাখ ৪১ হাজার কোটি ডলার। সপ্তম স্থানে থাকা ফ্রান্সের বিএনপি পারিবাসের সম্পদ ৩ লাখ ২৮ হাজার কোটি ডলার। যুক্তরাজ্যের এইচএসবিসি ৩ লাখ ২১ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

নবম স্থানে রয়েছে ফ্রান্সের ক্রেডিট অ্যাগ্রিকোল। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৩ লাখ ১৫ হাজার কোটি ডলার। আর ২ লাখ ৬৭ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে দশম স্থানে রয়েছে চীনের পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না। ফলে শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে চীনের পাঁচটি, যুক্তরাষ্ট্রের দুটি, ফ্রান্সের দুটি এবং যুক্তরাজ্যের একটি ব্যাংক স্থান পেয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, চীনের ব্যাংকগুলোর বিশাল সম্পদের পেছনে দেশটির আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল সঞ্চয় ব্যাংকগুলোতে আমানত হিসেবে জমা হয়। এসব আমানতকে ভিত্তি করে ব্যাংকগুলো অর্থনীতির বিভিন্ন খাতে ঋণ ও বিনিয়োগ করে। এর ফলে ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ বড় আকার ধারণ করেছে এবং বৈশ্বিক ব্যাংকিং খাতে চীনের অবস্থান আরও দৃশ্যমান হয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তালিকাটি বিশ্বব্যাপী ব্যাংকগুলোর সম্পদের আকার ও দেশভিত্তিক অবস্থান তুলে ধরে। এতে দেখা যায়, মোট সম্পদের হিসাবে চীনের ব্যাংকগুলো শীর্ষস্থানগুলোতে আধিপত্য ধরে রেখেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে