×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ

২০২৬ অক্টোবর ১৮ ০০:০৮:৪৯
শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি নজরদারির নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ব্যবস্থার আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর বসানো হয়েছে।

শনিবার বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানানো হয়।

নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানোর পর তা নির্ধারিত স্থানে নেওয়া, বাছাই করা এবং লাগেজ বেল্টে পৌঁছে দেওয়ার বিভিন্ন ধাপ মনিটরে সরাসরি দেখতে পারবেন। এতে লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের ধারণা আরও পরিষ্কার হবে। পাশাপাশি লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ে কী ঘটছে, সে সম্পর্কেও তাঁরা অবগত থাকতে পারবেন।

বেবিচকের আশা, ক্যামেরা ও মনিটরভিত্তিক এই নজরদারি লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণের সুযোগ তৈরি হওয়ায় যাত্রীসেবার মান উন্নত হবে।

সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষা, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে সহজে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ বুঝে নিতে পারেন, সে জন্য প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বেবিচকের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় নতুন এই প্রযুক্তিগত উদ্যোগ যাত্রীসেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে