×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

২০২৬ অক্টোবর ১৫ ০০:২৭:২৩
ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ অর্থ বছরের জন্য অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে সম্পূর্ণ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ৯টি কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল তালিকাভুক্ত। এগুলো হলো—আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ফরচুন শুজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস।

ডিএসই-এর তথ্যানুযায়ী, মূল বোর্ডের কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলস অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ডের মাত্র ১৪.১১ শতাংশ, নাভানা সিএনজি ১৮.১৯ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস ৫০.২২ শতাংশ বিতরণ করেছে। অন্যদিকে, ফরচুন শুজ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ক্যাশ ডিভিডেন্ডের ঘোষণা দিলেও শেয়ারহোল্ডারদের এক টাকাও পরিশোধ করেনি।

বাকি ৪টি প্রতিষ্ঠান ডিএসইর এসএমই বোর্ডে তালিকাভুক্ত। সেগুলো হলো—মাষ্টার ফিড এগ্রোটেক, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস এবং কৃষিবিদ ফিড। এর মধ্যে কেবল মাষ্টার ফিড এগ্রোটেক অনুমোদিত ডিভিডেন্ডের ২৬.১৯ শতাংশ বিতরণ করেছে, আর বাকি তিনটি এসএমই কোম্পানি লভ্যাংশের কোনো অর্থই পরিশোধ করেনি।

বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী, যেকোনো তালিকাভুক্ত কোম্পানিকে ডিভিডেন্ড অনুমোদনের উদ্দেশ্যে আয়োজিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্তত একদিন আগে ঘোষিত পুরো ক্যাশ ডিভিডেন্ডের অর্থ একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে হয়। অর্থ স্থানান্তরের পর ব্যাংক থেকে প্রাপ্ত সার্টিফিকেটটি এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব কর্তৃক সত্যায়িত করে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু উক্ত ৯টি কোম্পানি এই আইনি প্রক্রিয়া পালনে ব্যর্থ হয়েছে।

বিএসইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিয়ম অমান্য করায় মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের সভায় সংশ্লিষ্ট কোম্পানি ও দায়ীদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক্যাশ ডিভিডেন্ড বিতরণের নিয়মে আসছে পরিবর্তন

এই ধরনের অনিয়ম বন্ধ করতে ক্যাশ ডিভিডেন্ড বিতরণের বিদ্যমান নিয়মে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এজিএমে ডিভিডেন্ডের প্রস্তাব তোলার আগেই কোম্পানিকে ঘোষিত লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে এবং ব্যাংক সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, "পূর্ব নির্ধারিত এই প্রক্রিয়া সম্পন্ন না করে কোনো কোম্পানি এজিএমে ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত কোনো এজেন্ডা উত্থাপন করতে পারবে না।"

স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগে নতুন নির্দেশনা

একই সভায় করপোরেট গভর্নেন্স কোড ২০১৮-এর অধীনে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালকনিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ সিআইবি ক্লিয়ারেন্স রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগ অনুমোদন করা হবে।

বিএসইসির মুখপাত্র আরও জানান, হালনাগাদ সিআইবি রিপোর্ট নিয়ে কোনো স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেলে বিএসইসির আর আলাদাভাবে কাগজপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না। একই সাথে, আগে যোগ্যতা সংক্রান্ত কোনো বিষয়ে ছাড় পাওয়া স্বতন্ত্র পরিচালককে একই বা অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে নতুন করে বিএসইসির ছাড়পত্রের প্রয়োজন হবে না।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে