×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে

২০২৬ অক্টোবর ১২ ১২:৪৪:০৮
তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের আর্থিক কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহও বেড়েছে। বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং কাঁচামালের ব্যয় কমে আসায় মুনাফায় এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য আগামী ২৪ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় বার্ষিক আর্থিক ফলাফল পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। গত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ও ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আয় ও নগদ প্রবাহের উন্নতি বিবেচনায় এবারও আকর্ষণীয় ডিভিডেন্ড প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। তবে চূড়ান্ত ডিভিডেন্ড নির্ভর করবে পুরো বছরের নিরীক্ষিত আয়, আর্থিক সক্ষমতা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর।

প্রথম প্রান্তিকে আয় ও নগদ প্রবাহে উন্নতি

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৯২ পয়সা।

এ সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভি ছিল ৩২ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এ মূল্য ছিল ৩০ টাকা ২৯ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, বিক্রির পরিমাণ বৃদ্ধির কারণে আলোচ্য সময়ে লেনদেন বা বিক্রয় আয় বেড়েছে। পাশাপাশি কাঁচামালের ব্যয় কমে আসায় নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায়ের পরিমাণ সরবরাহকারী, পরিচালন ব্যয় ও অন্যান্য খাতে নগদ পরিশোধের তুলনায় বেশি থাকায় পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে।

এ ছাড়া, ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির জমির পুনর্মূল্যায়নের ফলে নিট সম্পদমূল্যে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার প্রবৃদ্ধি

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে।

অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৮৮ পয়সা। আর জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ের সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।

এ সময়ে ছয় মাসের শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩০ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এ মূল্য ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির দেওয়া তথ্যমতে, বিক্রয় আয় বৃদ্ধি এবং কাঁচামালের ব্যয় হ্রাসের কারণে শেয়ারপ্রতি আয় বেড়েছে। গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায়ের পরিমাণ সরবরাহকারী ও পরিচালন ব্যয়ের বিপরীতে নগদ পরিশোধের তুলনায় বেশি থাকায় পরিচালন নগদ প্রবাহেও উন্নতি হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৩০ জুন জমির পুনর্মূল্যায়নের ফলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

নয় মাসে ইপিএস বেড়ে ৫ টাকা ৮ পয়সা

২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও কোম্পানিটির আয় বৃদ্ধির চিত্র উঠে এসেছে।

জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬৩ পয়সা।

অন্যদিকে, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ৭৩ পয়সা বা প্রায় ১১৬ শতাংশ।

এ সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৭ টাকা ৫ পয়সা। অর্থাৎ, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ২ টাকা ৮ পয়সা।

৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩১ টাকা ৯০ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এ মূল্য ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, বিক্রয় আয় বৃদ্ধি এবং কাঁচামালের ব্যয় কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। একই সঙ্গে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায়ের পরিমাণ সরবরাহকারী ও পরিচালন ব্যয়ের বিপরীতে নগদ পরিশোধের তুলনায় বেশি থাকায় পরিচালন নগদ প্রবাহের উন্নতি হয়েছে।

কারখানা বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু

জরুরি রক্ষণাবেক্ষণের কারণে কোম্পানিটির কারখানা ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনিবার্য পরিচালন পরিস্থিতি বিবেচনায় কারখানার কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করা এবং ব্যবসার টেকসই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ৩৭, কাটালগঞ্জে অবস্থিত কোম্পানির নিবন্ধিত ও করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানা বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে কোম্পানিটি জানায়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে নিয়মিত পরিচালন কার্যক্রম পুনরায় শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্ভূত পরিচালন পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুততম সময়ে কারখানার কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঋণমান নির্ধারণে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি

কোম্পানিটির ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। সংস্থাটি দীর্ঘমেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ ঋণমান নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির ঋণমানের দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৫ সালের ২২ ডিসেম্বরের ব্যাংক দায়সংক্রান্ত তথ্য এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত পাওয়া অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করা হয়েছে।

আগের বছর ১১ শতাংশ ক্যাশ ও ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছিল। অর্থাৎ, ওই বছরের জন্য প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১১ টাকা ক্যাশ ডিভিডেন্ড এবং প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ৯টি বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২ টাকা ৩৫ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৮ পয়সায় দাঁড়িয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও ৭ টাকা ৫ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ১৩ পয়সা হয়েছে। এসব সূচক কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়।

এবার কত ডিভিডেন্ড দিতে পারে কোম্পানিটি?

কোম্পানিটির প্রকাশিত আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসেই আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় প্রায় ১১৬ শতাংশ বেড়েছে। বিক্রয় আয় বৃদ্ধি, কাঁচামালের ব্যয় হ্রাস এবং পরিচালন নগদ প্রবাহের উন্নতি ডিভিডেন্ডের সম্ভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

এই পরিস্থিতিতে গত বছরের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড বাড়ানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে শুধু নয় মাসের আয় দেখে ডিভিডেন্ডের হার নির্ধারণ করা যথাযথ হবে না। অর্থবছরের শেষ প্রান্তিকের আয়, বছর শেষে নগদ অর্থের অবস্থান, ভবিষ্যৎ পরিচালন ব্যয়ের প্রয়োজন এবং পর্ষদের বিবেচনায় থাকা অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ।

স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রেও একইভাবে নিশ্চিত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কোম্পানিটি গত বছর ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এবার ক্যাশ ও স্টক ডিভিডেন্ডের অনুপাত অপরিবর্তিত থাকবে, নাকি পরিবর্তন হবে, তা নির্ভর করবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, ২০২৬ সালের সেপ্টেম্বরে কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ সম্পন্ন করে অক্টোবর থেকে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এটি বর্তমান পরিচালন কার্যক্রম স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ। তবে এই ঘটনা ২০২৫-২৬ অর্থবছরের সমাপ্ত ফলাফলের পরবর্তী সময়ের হওয়ায় একে ওই অর্থবছরের মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে বিবেচনা করা যাবে না।

সব মিলিয়ে, আয় ও পরিচালন নগদ প্রবাহের উল্লেখযোগ্য উন্নতি সিভিও পেট্রোকেমিক্যালের ডিভিডেন্নিড নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়াতে পারে। তবে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত ডিভিডেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে আগামী ২৪ অক্টোবরের পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ডিভিডেন্ডসংক্রান্ত সিদ্ধান্তের পর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে