×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা

২০২৬ অক্টোবর ১১ ১৯:১২:১০
একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছেন ঢাকার উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শীতল। কন্যাশিশুর শিক্ষার অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের নেতৃত্বের সুযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছ থেকে প্রতীকী দায়িত্ব বুঝে নেন শীতল। কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন যুব ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। এ উদ্যোগে কিশোরীরা এক দিনের জন্য প্রতীকীভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দূতাবাস ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের দায়িত্ব পালনের সুযোগ পায়। এর মূল লক্ষ্য মেয়েদের নেতৃত্বের সামর্থ্য তুলে ধরা এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব প্রতিষ্ঠা করা।

এ বছরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাল্যবিবাহ বন্ধে কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ’। বাংলাদেশে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। এসব প্রতিপাদ্যে বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি কন্যাশিশুর ক্ষমতায়ন ও তাদের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এক দিনের প্রতীকী দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানাতে গিয়ে শীতল বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তাঁর মতে, বর্তমান সময়ই তাঁদের সবচেয়ে বড় সম্পদ। উপাচার্যের কাছ থেকে পাওয়া পরামর্শ ও শিক্ষা আজীবন মনে রাখবেন জানিয়ে তিনি বলেন, পড়াশোনা শেষ করে স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ।

শীতল বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আর্থিক সংকট, সামাজিক চাপ ও জলবায়ুজনিত সমস্যার কারণে মেয়েদের সামনে যেসব বাধা তৈরি হয়, সেগুলো নিয়েও সচেতনতা বাড়াতে কাজ করছেন তিনি। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবনদক্ষতা ও পরিবেশবান্ধব দক্ষতা অর্জনের পাশাপাশি অন্যদের সঙ্গে যোগাযোগের সক্ষমতাও বাড়িয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শীতলের মতো প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথ সুগম করতে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের জায়গায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তাঁর মতে, কন্যাশিশুর শিক্ষা ও অধিকারে বিনিয়োগ একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি।

‘গার্লস টেক ওভার’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন আলোচনায়ও অংশ নেন শীতল। সেখানে তিনি বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, শিশু অধিকার লঙ্ঘনের বিষয় এবং তরুণীদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে