×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা 

২০২৬ অক্টোবর ১১ ০৭:৫৭:৪৫
সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ধরনের প্রচারণাকে অপপ্রচার হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। এ অবস্থায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে প্রচারিত যেকোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

এদিকে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণেও বাংলাদেশ সেনাবাহিনী, সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব অপতথ্যের একটি বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

রিউমর স্ক্যানারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ সেনাবাহিনী ও বাহিনীর উচ্চপদস্থ নেতৃত্বকে ঘিরে অন্তত ৯৬টি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৭৪টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শনাক্ত অপতথ্যের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে ২১টি সুনির্দিষ্ট ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টিও শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির ফ্যাক্টচেকিং অনুযায়ী, এসব তথ্য ভিত্তিহীন ও মনগড়া বলে প্রমাণিত হয়েছে।

শুধু সেনাবাহিনী নয়, সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করেও অপতথ্য ছড়ানোর প্রবণতা দেখা গেছে। রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে এ ধরনের মোট ১৯৫টি অপতথ্য শনাক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও দেখেই তা সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে সেনাবাহিনী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ে কোনো দাবি প্রচার করার আগে তথ্যটির উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য যাচাই করা জরুরি। যাচাই ছাড়া এমন তথ্য শেয়ার করলে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে