×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে  

২০২৬ অক্টোবর ১০ ২০:৩৭:৪১
সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে  

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামোর গেজেটের কপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর জন্য অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের ভিত্তিতে এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেট পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করা হয়েছে।

গেজেট পাঠানোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। তবে চিঠিতে গেজেট পাঠানোর বিষয়টি উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট কর্মীদের বর্ধিত বেতন ঠিক কবে থেকে দেওয়া হবে, বকেয়া প্রাপ্য হবে কি না কিংবা বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সূচি কী হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরবর্তী নির্দেশনা ও সরকারি ঘোষণা অনুসরণ করতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে