×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

২০২৬ অক্টোবর ০৭ ১১:৩২:০৪
গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে অডিটের চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় আব্দুস সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আব্দুস সালাম গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়।

সহকর্মী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিমগাছী শাখায় কয়েকদিন ধরে অডিট কার্যক্রম চলছিল। এ সময় আব্দুস সালামকে উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত দেখা যাচ্ছিল বলে সহকর্মীরা জানান।

শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালামকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি বাঁচতে না পারার মতো কথা বলেছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাংকের কর্মী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ও ব্যাংকের কর্মীরা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

এদিকে আব্দুস সালামের মৃত্যুর সঙ্গে অডিট কার্যক্রমের কোনো সরাসরি সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। নিহতের পরিবারের সদস্য এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে