×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু

২০২৬ অক্টোবর ০৪ ১৪:১৭:৩৯
শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে শেয়ারবাজারে আসতে চায় কোম্পানিটি। এরই অংশ হিসেবে আইপিও প্রক্রিয়ার শর্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো আয়োজন করা হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির রোড শো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। রোড শোতে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুযায়ী, সব যোগ্য বিনিয়োগকারী বা ইআই এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।

সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্কিম এবং ন্যাশনাল পেনশন অথরিটিসহ অন্যান্য প্রতিষ্ঠান।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্ট্রার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

এদিকে কনফিডেন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি হলো কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ১৯৯৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৬ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছেন ৩৭ দশমিক ৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১১ টাকা ২৩ পয়সা। ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১ টাকা।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে