×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা

২০২৬ সেপ্টেম্বর ২৮ ০৮:২১:৩৫
সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢাকার ইসিবি চত্বর এলাকার ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। পুরো ঘটনাটি তার কাছে স্পষ্ট নয় উল্লেখ করে এর পেছনে কোনো ‘হিডেন অ্যাজেন্ডা’ বা গোপন উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে সালমানের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথাও তুলে ধরেন মেঘনা। তিনি জানান, একসময় সালমান তার ব্যক্তিগত কষ্টের সময়ে পাশে থাকার আগ্রহ দেখিয়েছিলেন এবং তার বাসায় এসে বাসন ধুয়ে দেওয়ার কথাও বলেছিলেন।

মেঘনা বলেন, অন্য অনেকের মতো সালমানকে শুধু নেতিবাচকভাবে বিচার না করে তার ছোট ছোট উন্নতিও তিনি একসময় প্রশংসা করতেন। তবে পরবর্তী সময়ে সালমানের কিছু কর্মকাণ্ডে হতাশ হয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেন বলে জানান তিনি।

নিজের অতীতের একটি ঘটনার কথাও পোস্টে উল্লেখ করেন মেঘনা। তিনি জানান, ইউনূস সরকারের সময় তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেখানে তার ফোন ও ম্যাকবুকের পাসওয়ার্ড নিয়ে তল্লাশি চালানোর সময় এক তদন্ত কর্মকর্তা সালমানের সঙ্গে তার কথোপকথন দেখতে পান।

মেঘনার ভাষ্য অনুযায়ী, ওই সময় তদন্ত কর্মকর্তা মন্তব্য করেছিলেন, ‘এই সালমান মুক্তাদির দুনিয়ার সব গণ্ডগোলে কীভাবে ঢুকে পড়ে?’

মেঘনা আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় সালমান তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করেছিলেন, যার মাধ্যমে তাকে জনসমক্ষে হেয় করার চেষ্টা করা হয়েছিল।

এ ছাড়া অতীতে একটি শিশুধর্ষণের ঘটনায় ধর্ষকের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তিনি সালমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফ্রেন্ড করেছিলেন বলেও জানান মেঘনা।

সালমানের স্টুডিওতে হামলার প্রসঙ্গে মেঘনা প্রশ্ন তোলেন, হামলাকারীদের নাম-পরিচয় সম্পর্কে সালমান নিজেই নিশ্চিত নন এবং তার কাছে সরাসরি চাঁদা চাওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন—এ অবস্থায় কীভাবে তিনি ঘটনাটিকে বিএনপির সঙ্গে যুক্ত করছেন।

নিজের পোস্টে মেঘনা লেখেন, সালমান যদি হামলাকারীদের নাম-চেহারা না জেনে থাকেন এবং তার কাছে কেউ সরাসরি চাঁদা না চেয়ে থাকে, তাহলে ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়ে তিনি কীভাবে নিশ্চিত হলেন—এ বিষয়টি তার কাছে পরিষ্কার নয়।

তিনি আরও বলেন, স্টুডিও ভাঙচুরের পেছনে কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা উচিত।

এর আগে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমানের পক্ষ থেকে চাঁদা না দেওয়ার কারণে হামলার অভিযোগ করা হলেও পুলিশের বক্তব্য অনুযায়ী, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফলে হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে