×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে নতুন কোম্পানি, র‍্যানকন মোটরসের বড় উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:২৪:২১
শেয়ারবাজারে নতুন কোম্পানি, র‍্যানকন মোটরসের বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক র‍্যানকন মোটরস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি করপোরেট ও শেয়ারবাজার-সংক্রান্ত পরামর্শক এবং ইস্যু ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের র‍্যাংগস বাবিলোনিয়ায় র‍্যানকন মোটরসের সঙ্গে লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড (এলসিএএল) ও সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি সই হয়।

চুক্তিতে র‍্যানকন মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি র‍্যানকন মোটরসকে করপোরেট ও শেয়ারবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। অন্যদিকে সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, র‍্যানকন মোটরস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য আবেদন করতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

তালিকাভুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের শেয়ারবাজারে দুই চাকার যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে র‍্যানকন মোটরস নতুন সংযোজন হতে পারে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। প্রতিষ্ঠানটির ব্যবসায় মোটরসাইকেলের পাশাপাশি তিন চাকার যানবাহনও রয়েছে।

র‍্যানকন মোটরসের শেয়ারবাজারে আসার উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের শেয়ারবাজারের সম্পৃক্ততা আরও বাড়তে পারে। একই সঙ্গে তালিকাভুক্তির মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।

চুক্তি সই অনুষ্ঠানে র‍্যানকন মোটরসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরির পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্টের পক্ষে রাবিউল হোসেন উপস্থিত ছিলেন।

লায়ন সিটি অ্যাডভাইজরি বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে করপোরেট অ্যাডভাইজরি বা পরামর্শ সেবা দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশের মোটরসাইকেল বাজারে সুজুকি ব্র্যান্ডের প্রায় ২০ শতাংশ বাজার হিস্যা ছিল। ওই সময়ে দেশে মোট ৪০ হাজার ৫১৪টি মোটরসাইকেল বিক্রি হয়। এর মধ্যে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৮ হাজার ২১৫টি।

বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করছে র‍্যানকন মোটরস। এবার শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির মাধ্যমে দেশের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক অংশগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে