×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:১৪:৩২
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার দিবাগত রাতে নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় তার স্টুডিওতে এ হামলার ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল লুট করে নিয়ে গেছে। পাশাপাশি সিসি ক্যামেরাসহ স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

তিনি বলেন, বাংলাদেশে নতুন কিছু করতে চাওয়া মানুষের জন্য এ ঘটনা একটি বার্তা বহন করে। তার ভাষ্য অনুযায়ী, কেউ যদি কারও তোষামোদ না করেন, রাজনৈতিকভাবে কোনো পক্ষের সঙ্গে না থাকেন কিংবা নিজের নিরাপত্তা নিশ্চিত করার মতো আর্থিক ও প্রভাবশালী সহায়তা না থাকে, তাহলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে।

সালমান মুক্তাদির বলেন, ‘এই রকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না।’ স্টুডিও ভাঙচুরের পরও তিনি কেন ভেঙে পড়েননি, সেটিও ভিডিওতে ব্যাখ্যা করেন। তার দাবি, গত ১২ বছরে ছোট একটি রুম থেকে কাজ শুরু করে তিনি বর্তমান অবস্থানে এসেছেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে কেউ যদি স্বপ্ন নিয়ে নতুন কিছু করতে চান, তাহলে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সবাই তার মতো পরিস্থিতি সামাল দিতে পারবেন না, কারণ প্রত্যেকের মানসিক শক্তি এক নয়।

ভিডিওতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশেও বক্তব্য দেন সালমান মুক্তাদির। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির যারা এটা করেছো, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’ তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তদন্তের মাধ্যমে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্টুডিওর কর্মীদের নিয়েও কথা বলেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি জানান, সেখানে কাজ করা কর্মীরা ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন। তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, তিনি ভবিষ্যতে এর চেয়েও বড় কিছু করার চেষ্টা করবেন এবং তাদের চিন্তা না করার আহ্বান জানান।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে