×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৪:২৪:২৪
সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্য সূচকের পতন হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি। এর প্রভাবে সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে বাজারের দৈনিক গড় লেনদেন। তবে এসব ইতিবাচক সূচকের বিপরীতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। আর ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম সপ্তাহজুড়ে অপরিবর্তিত ছিল।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা।

বাজার মূলধন কমলেও সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্য সূচকে উত্থান দেখা গেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৪৬ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক সপ্তাহে ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৭৮৫ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৮৭ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৩০ কোটি ৮৪ লাখ টাকা। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার ৪১ দশমিক ৬০ শতাংশ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে