×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৪:০৬:১৪
‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন বেগম খালেদা জিয়া হলের ৫৪৪ জন ছাত্রী লিফট-সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন। দশতলা ভবনটির উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনো লিফট নিয়মিতভাবে চালু হয়নি। ফলে প্রতিদিন দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক কষ্টের পাশাপাশি দৈনন্দিন খাবার ও চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস, পরীক্ষা ও বিভিন্ন একাডেমিক কাজে প্রতিদিন একাধিকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে। বিশেষ করে ওপরের তলায় থাকা শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। ক্লাসের মাঝে এক-দুই ঘণ্টার বিরতি থাকলেও সিঁড়ি ভাঙার কষ্টের কারণে অনেকেই নিজ কক্ষে ফিরতে পারেন না। তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস আলাদা সময়ে থাকায় দিনে একাধিকবার হলে ওঠানামা করতে গিয়ে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে বেগম খালেদা জিয়া হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে ভবনের ছয়টি তলা বসবাসের উপযোগী করে ৩৫০ জন ছাত্রীকে আসন বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বাকি তলাগুলোর কাজ শেষ হলে চলতি বছরের ৫ জুলাই থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে হলে ৫৪৪ জন ছাত্রী নিয়মিত বসবাস করছেন।

হলে খাবারের ব্যবস্থাও শিক্ষার্থীদের জন্য বাড়তি সমস্যা তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। ক্যান্টিনটি নিচতলায় হওয়ায় ওপরের তলার শিক্ষার্থীদের খাবার সংগ্রহ করতে দীর্ঘ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এ ছাড়া হলে নিজেদের জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের দাবি, ক্যান্টিন বন্ধ থাকলে কিংবা নিচে নামার মতো পরিস্থিতি না থাকলে খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে। ক্যান্টিনের খাবারের মান, পুষ্টি, বৈচিত্র্য, মূল্য ও পরিবেশনের পরিচ্ছন্নতা নিয়েও তারা অভিযোগ করেছেন।

হলের অষ্টম তলায় থাকা পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষে এমনিতেই তারা ক্লান্ত থাকেন। এরপর দীর্ঘ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে আরও কাহিল হয়ে পড়তে হয়। ক্লাসের মাঝে এক-দুই ঘণ্টা বিরতি থাকলেও ভোগান্তির কারণে কক্ষে ফিরতে পারেন না। তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস দিনের ভিন্ন সময়ে হওয়ায় হলে আসা-যাওয়াও কষ্টকর হয়ে পড়ে। তার ভাষ্য, নিচতলার ক্যান্টিন থেকে খাবার আনতেও প্রতিবার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।

দশম তলায় থাকা প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, একবার ওপরে উঠলে আবার নিচে নামতে ভয় লাগে। এ কারণে অনেক সময় দিনে একবেলাই খাবার খেতে হয়। সকালে নাশতা করার সুযোগও অনেক সময় হয় না। বিশেষ করে শুক্র ও শনিবার ক্লাস বন্ধ থাকলে খাবারের সমস্যা আরও প্রকট হয় বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘১০ তলায় উঠতে ভয় লাগে, বাধ্য হয়ে অনেক সময় না খেয়েই থাকতে হয়।’

আরেক আবাসিক শিক্ষার্থী লিফট না থাকার কারণে জরুরি স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, ওপরের তলার কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাসপাতালে নেওয়া এবং চিকিৎসার পর আবার ওপরে তোলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্বাভাবিক পড়াশোনা ও জীবনযাত্রার স্বার্থে দ্রুত লিফট চালুর দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ ও ভোগান্তির বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগ যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্রুত সংকট নিরসনের নির্দেশনা দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর হাউস টিউটর ও সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। লিফট চালুর কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি লিফট শিক্ষার্থীদের ব্যবহারের জন্য চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

লিফট স্থাপনের কারিগরি অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুহ. এনামুল হক জানান, খালেদা জিয়া হলের জন্য বরাদ্দ করা জাপানি প্রযুক্তির নতুন লিফটটির মেশিনসহ মূল কাঠামোগত স্থাপনের কাজ শেষ হয়েছে। বর্তমানে এটি তৃতীয় তলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। পরীক্ষামূলক যাচাই শেষে লিফটটি স্থায়ীভাবে ব্যবহারের উপযোগী ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আপাতত একটি লিফট দ্রুত চালুর লক্ষ্যেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। বাকি লিফটগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্যাম্পাসে পৌঁছেছে, তবে সেগুলোর ইনস্টলেশন এখনো শুরু হয়নি। শিক্ষার্থীদের চলাচলের সমস্যা দ্রুত কমাতে অন্তত একটি লিফট সচল করে নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে