×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৫২:৩৩
উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনার পর বিনিয়োগকারীদের জন্য খুব শিগগিরই বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। এজন্য কোম্পানিটি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর, বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২৬ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে কোম্পানিটির নানা ইতিবাচক পরিকল্পনার কারণে ডিভিডেন্ডের পরিমাণ বাড়তে পারে।

জানা যায়, কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বাড়ানো, অব্যবহৃত সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং কার্যক্রমে আরও দক্ষতা আনতে বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনা নিয়েছে । এর অংশ হিসেবে বিদ্যমান কারখানায় ওপেন-এন্ড বা রোটর স্পিনিংয়ের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি ভবিষ্যৎ কারখানা সম্প্রসারণের জন্য ৫০ দশমিক ৩৭ ডেসিমাল জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় বিদ্যমান কারখানা প্রাঙ্গণে ওপেন-এন্ড রোটর স্পিনিংয়ের দৈনিক উৎপাদন সক্ষমতা ২৫ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫০ মেট্রিক টনে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যমান উৎপাদন প্রক্রিয়া থেকে পুনরুদ্ধার করা উপকরণ কাজে লাগিয়ে সুতা উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে কম ব্যবহৃত উৎপাদন সক্ষমতাকেও কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

এই প্রকল্পের আওতায় উৎপাদিত সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ায় উল্লম্ব সমন্বয় আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক পরিচালন দক্ষতাও বাড়বে।

প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এ বিনিয়োগের অর্থায়নে ঋণ ও নিজস্ব মূলধনের অনুপাত হবে ৭০:৩০। সম্প্রসারণ প্রকল্পে অত্যাধুনিক ওপেন-এন্ড রোটর স্পিনিং সুতা উৎপাদন সুবিধা স্থাপন করা হবে।

কোম্পানির প্রাক্কলিত পরিচালন দক্ষতা এবং বর্তমান ব্যয় ও মূল্য নির্ধারণের ধারণার ভিত্তিতে প্রকল্পটি ৭ বছর মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের জন্য পর্যাপ্ত নগদ প্রবাহ তৈরি করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রকল্পটির সম্ভাব্য পরিশোধকাল প্রায় ৪ দশমিক ৮ বছর। ১৫ বছরের প্রকল্প মেয়াদে ইক্যুইটির অভ্যন্তরীণ রিটার্ন হার ২৭ দশমিক ৮ শতাংশ এবং প্রকল্পের অভ্যন্তরীণ রিটার্ন হার ১৪ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে।

এদিকে, ভবিষ্যৎ কারখানা সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্তও নিয়েছে এনভয় টেক্সটাইল। ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ময়মনসিংহের ভালুকার জামিরদায় কোম্পানির বিদ্যমান কারখানার সংলগ্ন এলাকায় ৫০ দশমিক ৩৭ ডেসিমাল জমি কেনার অনুমোদন দেওয়া হয়। নিবন্ধন ও অন্যান্য ব্যয়সহ জমিটি কিনতে মোট আনুমানিক ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে। ভবিষ্যতে কারখানার সম্প্রসারণে এই জমি ব্যবহার করা হবে।

শুধু সুতা উৎপাদনেই নয়, ডেনিম কাপড় উৎপাদনেও সক্ষমতা বাড়িয়েছে কোম্পানিটি। ১৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির বার্ষিক ডেনিম কাপড় উৎপাদন সক্ষমতা ৫ কোটি ২০ লাখ গজ থেকে বাড়িয়ে ৬ কোটি গজে উন্নীত হওয়ার বিষয়টি অবহিত করা হয়। এরই মধ্যে বাড়ানো সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

কোম্পানির নির্দিষ্ট কিছু প্রাথমিক পর্যায়ের উৎপাদন সুবিধার উন্নয়ন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে ডেনিম উৎপাদনের এ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে উৎপাদনের আগের ধাপের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং পরবর্তী ধাপের বিদ্যমান উৎপাদন সক্ষমতা এখন পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে। এতে কোম্পানির সামগ্রিক পরিচালন দক্ষতা ও উৎপাদন উভয়ই উন্নত হয়েছে।

অপরদিকে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। চলতি হিসাববছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩ টাকা ২৭ পয়সা। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬১ টাকা ২১ পয়সা। এর আগে ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করা, ডেনিম উৎপাদন বাড়ানো, অব্যবহৃত সক্ষমতাকে কাজে লাগানো, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমি সংগ্রহ—সব মিলিয়ে উৎপাদন ও পরিচালন সক্ষমতা আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে এনভয় টেক্সটাইল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে