×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:০১:১৯
ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন আশঙ্কা করছে, জনসমাগমস্থলে আলিমা খানের উপস্থিতি জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। দলটি এই কর্মসূচির নাম দিয়েছে ‘জাস্টিস মার্চ’। পিটিআই নেতাদের দাবি, কর্মসূচিকে সফল করতে দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছিলেন, সরকার এই বিক্ষোভ মিছিল ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে। ফলে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি গ্রেপ্তারের ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তার দাবি, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ কতটা, আলিমা খানের গ্রেপ্তারের ঘটনাই তার একটি ইঙ্গিত।

আলিমা খানের গ্রেপ্তার ও ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে