×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ২০:১৮:১৩
বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাক-অর্থায়ন দেওয়া হবে। এ স্কিমের মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদন ও কার্যক্রমে ফেরানোর সুযোগ তৈরি করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস এ সুদ পরিশোধ করতে হবে না। ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হলে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।

অন্যদিকে, এই স্কিমের আওতায় ব্যাংকগুলো যে ঋণ গ্রাহকদের দেবে, সেই ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। অর্থাৎ ঋণগ্রহীতারা ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এই সময় পার হওয়ার পর সুদ আদায় শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও নির্ধারিত নিয়মে আদায় করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমটির মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময়ে ব্যাংকগুলো প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ নির্ধারিত তিন বছরের সময়সীমার মধ্যে সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে অর্থায়নের আবেদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে স্কিমের তহবিল প্রয়োজন হবে।

স্কিমের অর্থ নির্ধারিত কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওপরও দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণের ব্যবহার, আদায় পরিস্থিতি এবং গ্রাহকের ঋণ ব্যবহারের বিষয়গুলো নিয়মিত তদারক করতে হবে ব্যাংকগুলোকে। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সুদ পরিশোধের হিসাবও নির্ধারিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে দেওয়া নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। নতুন এই স্কিমের আওতায় বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যক্রমে ফেরাতে ব্যাংকগুলোর মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে