×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৯:২৭:২৪
ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক-কোম্পানিতে কোনো কোম্পানির বিনিয়োগের সীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। এর পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। ‘বিআরপিডি-২ সার্কুলার নং-০৬’-এ বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। এখানে শেয়ারের মূল্য বলতে ক্রয়মূল্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো কোম্পানির নিট সম্পদ যতটুকু, ব্যাংক-কোম্পানির শেয়ারে তার মোট বিনিয়োগও সেই সীমার মধ্যে রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো কোম্পানির ব্যাংক-কোম্পানির শেয়ার মালিকানা নির্ধারিত সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে অতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। ফলে যেসব শেয়ারধারক কোম্পানির ব্যাংক শেয়ারে বিনিয়োগ তাদের নিট সম্পদের তুলনায় বেশি, তাদের অতিরিক্ত শেয়ার বিক্রি করে নির্ধারিত সীমার মধ্যে আসতে হবে।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে অবশ্যই ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে।

শুধু সংশ্লিষ্ট কোম্পানির এমডি বা পরিচালক হলেই প্রতিনিধি পরিচালক হওয়ার যোগ্যতা পূরণ হবে না। মনোনীত ব্যক্তির নিজের নামেও সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির শেয়ার মালিকানা থাকতে হবে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনোনীত ব্যক্তির নিজ নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এই মালিকানার পরিমাণ হতে হবে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু প্রতিনিধি পরিচালক নিয়োগের সময় শেয়ার মালিকানা থাকলেই হবে না। ওই ব্যক্তি যতদিন প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন তাকে সংশ্লিষ্ট কোম্পানিতে নির্ধারিত মালিকানা বজায় রাখতে হবে।

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। এখন থেকে এ অনুমোদনের আবেদনের সঙ্গে মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে। অর্থাৎ শুধু কোম্পানির মনোনয়নপত্রের ভিত্তিতে অনুমোদন চাওয়া যাবে না; মনোনীত ব্যক্তির শেয়ার মালিকানার প্রমাণও আবেদনের সঙ্গে দিতে হবে।

নতুন নির্দেশনা শুধু ভবিষ্যতে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। সার্কুলার জারির ঠিক আগমুহূর্তে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও এসব শর্ত অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণেও এসব নির্দেশনা ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে ব্যাংক-কোম্পানির পরিচালকদের অবগতির জন্য পর্ষদ সভায় নির্দেশনাগুলো উপস্থাপন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারধারকদেরও নতুন নির্দেশনার বিষয়ে অবহিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে