×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৩:৩১:০৩
গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে বলে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে প্রচারণা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও নতুন নিয়ম মেনে চলার বিষয়ে জানানো হয়।

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী নিজ মালিকানাধীন জমির গাছ কাটার আগে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমোদন নিতে হবে। অর্থাৎ জমিটি ব্যক্তিমালিকানাধীন হলেও সেখানে থাকা গাছ কাটার ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটলে আইনের ১০ ধারায় তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশক্রমে এ বিষয়ে পুরো উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, গাছ কাটার ক্ষেত্রে অনুমোদনের এই প্রক্রিয়া কোনো ধরনের হয়রানির জন্য নয়। পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিতভাবে বৃক্ষনিধন ঠেকাতেই এ নিয়ম করা হয়েছে।

তিনি আরও বলেন, জমির মালিকরা যাতে সহজে অনুমোদন নিতে পারেন, সে বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে