×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সময় টিভির সাবেক এমডির বিচার শুরু

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:০৪:৩৫
সময় টিভির সাবেক এমডির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন।

আদালতে আহমেদ জোবায়েরের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী সালেহ উদ্দিন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। পরে আসামির জামিনের আবেদন করা হলেও সেটিও খারিজ করে দেওয়া হয়।

এদিন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা অপর একটি মামলায়ও আহমেদ জোবায়েরের জামিন চাওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে ওই আবেদন করেন তার আইনজীবী। তবে দ্বিতীয় মামলাতেও জামিন পাননি তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকাকালে আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি এবং উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, আহমেদ জোবায়ের ওই অর্থ ও গাড়ি ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ সম্পদগুলো ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠায়। তবে সেই নোটিশেরও কোনো জবাব দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ মে সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান মামলা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই মামলাতেই বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলো।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে