×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি

২০২৬ সেপ্টেম্বর ১০ ১২:৩৫:১৯
সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। দূর-দূরান্ত থেকে স্বজনেরা বাড়িতে ছুটে আসছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। হঠাৎ করে রিফায়াতের চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের কেউ।

তাসনিম রিফায়াত রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। রিফায়াতের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম রাফতা তাসলিম ইকরা।

পরিবারের সদস্যরা জানান, কারিগরি শাখা থেকে এসএসসি পাস করার পর রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন রিফায়াত। কলেজে পড়াশোনার সময়ই সেনাবাহিনীতে চাকরি পান তিনি। এরপর প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

রিফায়াতের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্বজনরা। নিহত সেনাসদস্যের ভাই দিপ্ত বলেন, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে। এতে দুপুর হয়ে যেতে পারে। মরদেহ দাফনের জন্য এলাকার সামাজিক কবরস্থানে ইতোমধ্যে কবর খননের কাজ শুরু হয়েছে।

ছেলের মৃত্যুর খবরে শোকে বাকরুদ্ধ বাবা আসাদুল ইসলাম। তিনি বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ে। রিফায়াত আমার মেজ ছেলে। এখন আর কিছু চাওয়ার নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে রিফায়াতের মরদেহ রাজশাহীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর গ্রামের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ জন্য কবর খননসহ দাফনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে