×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৫:০০:৪০
পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : গতকাল নামমাত্র সূচক বৃদ্ধির পর আজ (৮ সেপ্টেম্বর) আবারও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ বেশিরভাগ সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের কারণে দেশের শেয়ারবাজার আবারও তলানির দিকে চলে গেছে। এর ফলে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে বর্তমান সরকারের সাফল্যও অনেকটা ম্লান হয়ে পড়ছে। তাদের মতে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একপর্যায়ে সূচক ও লেনদেনে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি দেখা গেলেও নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই অদৃশ্য এক কারণে বাজারে ধারাবাহিক দরপতন চলছে। অথচ সরকারের কাছে বিনিয়োগকারীদের এমন পরিস্থিতির প্রত্যাশা ছিল না।

বাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার নতুন কমিশন গঠন করলেও বাজারের ইতিবাচক ধারাকে ধরে রাখতে কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা জানান, বাজার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের কথা বলা হলেও ধারাবাহিক পতন ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। বিষয়টি ইতোমধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল প্রথমেই বাজারের পতন রোধ করে শেয়ারবাজারকে গতিশীল ও স্থিতিশীল করা। কিন্তু বাস্তবে সে ধরনের কার্যকর উদ্যোগের পরিবর্তে বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য দিয়েই দায়িত্ব শেষ করা হচ্ছে। ফলে কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও কমে গেছে।

এ অবস্থায় বিনিয়োগকারীরা বর্তমান কমিশনকে সরিয়ে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এভাবে বাজারের পতন অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠতে পারে।

ডিএসইতে সূচকের পতন

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৯.৩২ পয়েন্টে নেমে এসেছে। আগের দিন এই সূচক নামমাত্র বেড়েছিল।

অন্যদিকে, ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫.০০ পয়েন্ট কমে ১ হাজার ১০৯.৭৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৮.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৩টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন বেড়েছে ১৯ কোটি টাকা

সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৫৭১ কোটি ৩২ লাখ টাকা।

সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা।

সিএসইতেও অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমেছে

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মোট ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৮৪ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ১৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৫টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

তবে ডিএসইর বিপরীতে এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২৭.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই ৮২.০৮ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে