×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১১:১৩:১৯
মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক : সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে আইনটি পর্যালোচনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে মিছিল করে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে দলটির নেতারা সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল নিয়ে আপত্তি জানান।

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও তা রক্ষা করছে না। তাঁর দাবি, মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতির সঙ্গে সাম্প্রতিক আইন সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এর পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারাও মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনসহ বিভিন্ন আইন নিয়ে সরকারের সমালোচনা করেন। এসব আইন সংশোধন বা বাতিলের দাবিও জানানো হয়।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিলের মাধ্যমে মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থায় কোনো ব্যত্যয় ঘটছে কি না, তা পর্যালোচনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বলেন, বৃদ্ধ বয়সে মা-বাবার নিরাপত্তা, সুচিকিৎসা এবং সম্মানজনক জীবন নিশ্চিত করা সন্তানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

তাঁরা বলেন, প্রবীণ নাগরিকদের সুরক্ষায় ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের সঙ্গে সম্পর্কিত হওয়ায় নতুন কোনো পদ্ধতি বা ধারা যেন ইসলামী মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

সম্পত্তি হস্তান্তরের নতুন পদ্ধতি সংযোজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শরিয়াহতে সম্পত্তি হস্তান্তরের বিষয়টি বিস্তারিতভাবে নির্ধারিত রয়েছে। তাঁর মতে, হেবা দেওয়ার পর মা-বাবাকে সম্পত্তি থেকে উচ্ছেদের মতো ঘটনা প্রতিরোধে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, মা-বাবার প্রতি দায়িত্ব অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যেতে পারে। তবে কোনো সমস্যা সমাধানের জন্য শরিয়াহর বিধান অমান্য করা যাবে না।

আইনটি বাস্তবায়নযোগ্য নয় দাবি করে উলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিলের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর মধ্যে ভিন্ন ব্যাখ্যা দেখা যাচ্ছে। একদিকে মা-বাবার নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, অন্যদিকে মুসলিম পরিবারের সম্পত্তি বণ্টন ও হস্তান্তরের ক্ষেত্রে শরিয়াহর বিধান যেন ক্ষুণ্ন না হয়—এ দাবি উঠেছে।

ফলে নতুন আইনটি কীভাবে প্রয়োগ করা হবে এবং এর সঙ্গে বিদ্যমান পারিবারিক ও ধর্মীয় বিধানের কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে