×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’

২০২৬ সেপ্টেম্বর ০৪ ০৯:৫৫:০৯
সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন দেওয়াকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি মনে করে, যারা প্রতিবছর নিজেদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন, শুধু তাদেরই নতুন বেতনকাঠামোর আওতায় আনা উচিত।

অন্যদিকে যারা সম্পদ বিবরণী প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য না করার আহ্বান জানিয়েছে টিআইবি।গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

টিআইবির মতে, সরকারি চাকরিজীবীদের নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশের শর্ত কার্যকর করা হলে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও সহজ হবে।

ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।

তিনি বলেন, অনেক সরকারি কর্মজীবী অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেন এবং সৎভাবে জীবনযাপন করেন। তাদের জন্য নতুন বেতন স্কেল ন্যায়সংগত ও প্রয়োজনীয়।

তবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থসম্পদ অর্জনে জড়িত ব্যক্তিদের জন্য ঢালাওভাবে নতুন বেতন স্কেল কার্যকর করা অযৌক্তিক বলে মনে করে টিআইবি।

টিআইবি মনে করে, নতুন বেতনকাঠামো সরকারি কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।

তবে ইফতেখারুজ্জামান বলেন, ২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেল নিয়েও একই ধরনের প্রত্যাশা ছিল। কিন্তু বেতন-ভাতা বাড়ানোর পর সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের ব্যাপকতা কমার পরিবর্তে আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।এবার যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। তার মতে, এ ব্যবস্থা কার্যকর না হলে সরকারি খাতে দুর্নীতির দুষ্টচক্র থেকে জনগণের পরিত্রাণ কঠিন হবে।

নতুন বেতনকাঠামোর কারণে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের কর্মজীবী ও সাধারণ মানুষ ইতোমধ্যে চাপে রয়েছেন। নতুন বেতনকাঠামোর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়লে তাদের দুর্ভোগও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কার্যকরের ক্ষেত্রে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত যুক্ত করার বিষয়ে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাশা করেছে টিআইবি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে