×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

২০২৬ সেপ্টেম্বর ০৪ ০৯:১২:২৩
কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে সতর্কবার্তা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শহরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নিরাপত্তা তৎপরতা জোরদারের বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রমণকারীদের আগেই হোটেল নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে—এমন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা বিধি মেনে এসব হোটেল পুনরায় চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে কলকাতায় পৌঁছানোর পর থাকার জায়গা নিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য বাংলাদেশ ত্যাগের আগেই হোটেলের কক্ষের প্রাপ্যতা এবং হোটেলটি বর্তমানে চালু আছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে উপ-হাইকমিশন।

বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগী ও তাদের সফরসঙ্গীদের (অ্যাটেনডেন্ট) ক্ষেত্রে শহরে পৌঁছানোর আগেই হোটেল বুকিং সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে হোটেল থেকে হাসপাতালের দূরত্ব, বুকিংয়ের বৈধতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেভাগে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপ-হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্রমণকালীন ভোগান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি পর্যটক ও রোগীদের স্থানীয় নিরাপত্তা বিধি মেনে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা উচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে