ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা

২০২৬ আগস্ট ২৭ ১৪:৪৪:৫২
টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : নামেমাত্র সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস পার করেছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ারদর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, টানা দরপতনে বিনিয়োগকারীদের একটি অংশ ইতোমধ্যে হতাশ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থান তাদের মধ্যে নতুন করে সন্তুষ্টি বা আশাবাদ তৈরি করতে পারেনি। ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি না করে আপাতত বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন। ধারাবাহিক দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী লোকসানে থাকায় তারা বর্তমান পরিস্থিতিতে নতুন করে সিদ্ধান্ত নিতে সতর্ক অবস্থান নিয়েছেন।

বাজারসংশ্লিষ্টরা আরও বলেন, বর্তমান কমিশনের প্রতিও বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। স্থিতিশীল থাকা বাজারে হঠাৎ করে ধারাবাহিক দরপতন শুরু হবে—এমন পরিস্থিতি তাদের প্রত্যাশার বাইরে ছিল। স্থিতিশীল বাজারের সময়ে নতুন করে বিনিয়োগ করা অনেক বিনিয়োগকারীর মূলধন পরবর্তী ধারাবাহিক দরপতনে লোকসানে পড়েছে। ফলে বৃহস্পতিবারের নামেমাত্র সূচক বৃদ্ধিতে সেই লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার সুযোগ তৈরি হয়নি।

তাদের মতে, টানা দরপতনের প্রতিবাদে ইতোমধ্যে বিনিয়োগকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাজার দ্রুত স্থিতিশীল না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে। একই সঙ্গে বাজার যেভাবে নিয়মিত ও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন, নতুন কমিশন সেভাবে করছে না বলেও অভিযোগ রয়েছে। এর নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৫ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৪ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৫টির শেয়ারদর বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৪৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০৬ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৩৯ কোটি ৭০ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ২১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ৪ কোটি টাকার।

সিএসইতে বৃহস্পতিবার মোট ১৭১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮০টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬৬ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই ৯৩ দশমিক ৯২ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে