ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড

২০২৬ আগস্ট ২৬ ১৫:২৩:১৪
বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা শহরে ঘুমন্ত এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে তার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার একটি আমবাগান থেকে ট্রাকচালক সায়ন মিয়া (২৮)কে আটক করা হয়।

আহত নারী স্মৃতি খাতুন (২৬) স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ডমার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, প্রেমের সম্পর্কের জেরে চলতি মাসের ১৫ আগস্ট পরিবারের অমতে সায়নকে বিয়ে করেছিলেন স্মৃতি। পরে পরিবারের চাপে ২৩ আগস্ট সায়নকে তালাক দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে সায়ন মঙ্গলবার গভীর রাতে জানালার গ্রিল বেয়ে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ।

পরে ঘরে ঘুমিয়ে থাকা স্মৃতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ।

স্মৃতির চিৎকার শুনে পাশের ঘর থেকে তার মা-বাবা ছুটে এলে সায়ন তাদের ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রতিবেশীরা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এম জাহিদুল ইসলাম বলেন, রাতে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। স্মৃতির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাবা-মায়ের শরীরেও গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সায়ন পালিয়ে ছিলেন। বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার একটি আমবাগান থেকে তাকে আটক করে সদর থানা-পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পারিবারিক কলহের কারণে সম্প্রতি সায়নকে তালাক দেন স্মৃতি। প্রাথমিক তদন্তে তালাকের ক্ষোভ থেকেই সায়ন এ হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে