ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি; শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম

২০২৬ আগস্ট ০৭ ১৯:৩২:৩৯
দেশের ২৩তম রাষ্ট্রপতি; শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগ্রহণযোগ্যতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এসব বিবেচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিএনপির বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী।

এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন তিনজন—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে দলীয় অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি পদে মনোনয়নের সম্ভাবনা বেশি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য এবং ব্যক্তিগত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে