ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

২০২৬ আগস্ট ০২ ১৭:৫৫:৩৮
৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসায়িক ও পর্যটন ভিসা (বি-১ ও বি-২) আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে কনস্যুলার কর্মকর্তারা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত চূড়ান্ত বিধিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও মোট ৫০টি দেশের নাগরিকরা থাকছেন। এর মধ্যে ৩০টি দেশ আফ্রিকার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তালিকায় রয়েছে।

নতুন বিধান কেবল বি-১ (ব্যবসা) এবং বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য ভিসা শ্রেণির আবেদনকারীরা এই কর্মসূচির আওতায় পড়বেন না।

বিধি অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা ইস্যুর শর্ত হিসেবে আবেদনকারীর কাছে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড চাইতে পারবেন।

তবে সব আবেদনকারীকে বন্ড দিতে হবে না। এটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়; প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করে সংশ্লিষ্ট কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে। এতে ভিসার শর্ত মেনে চলার হার বেড়েছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হয়েছে।

পরীক্ষামূলক কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলারের বন্ডের ব্যবস্থা ছিল। নতুন নিয়মে ৫ হাজার ডলারের স্তর বাতিল করে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।

অভিবাসন ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, উচ্চ অঙ্কের বন্ড বৈধ ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে এবং অনেককে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিরুৎসাহিত করবে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার, ভিসার অপব্যবহার রোধ এবং অভিবাসন আইন কার্যকর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের সাম্প্রতিক নীতির অংশ হিসেবে বিভিন্ন ভিসার আবেদন ফি বৃদ্ধি এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনাও অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে