ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি

২০২৬ আগস্ট ০১ ১৬:৫০:৫৪
গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে একসময় আটক রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

শনিবার (১ আগস্ট) টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, এখন পর্যন্ত গুম ও নিখোঁজ হওয়ার ঘটনায় প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাজেদুল ইসলাম সুমন অন্যতম।

মো. আমিনুল ইসলাম জানান, আয়নাঘরে আটক ছিলেন বলে পরিচিত ভুক্তভোগীদের একজন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান। তার বর্ণনার ভিত্তিতে সংশ্লিষ্ট একটি কক্ষও পরিদর্শন করা হয়েছে।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, বিভিন্ন সাক্ষ্য, ভুক্তভোগীদের বর্ণনা এবং চলমান তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও র‍্যাব-১-এর এই গোপন বন্দিশালার একটি কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে ভারতের সীমান্তে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, টিএফআই সেলে মোট ২৯টি কক্ষ রয়েছে। এসব কক্ষ কী উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের আদালতে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

পরিদর্শনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, প্রসিকিউশন টিমের সদস্য, আসামিপক্ষের আইনজীবী, গুম কমিশনের সদস্য নুর খান লিটন এবং গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে