ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

২০২৬ জুলাই ২৫ ১৪:৫১:৩৫
পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে দুই নেতা পদত্যাগ করেছেন। একই কারণে আরও একজন নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

পদত্যাগ করা দুই নেতা হলেন ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ। অন্যদিকে সহসভাপতি নাজিফা জান্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর একই সঙ্গে দুই রাজনৈতিক সংগঠনে দায়িত্ব পালন করলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। এ বিবেচনায় দুই নেতা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন এবং তাদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনার পর তা গ্রহণ করা হয়েছে।

একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতায় নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পদে থাকা ছাত্র ইউনিয়নের নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

বিদায়ী নেতাদের আগের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মেঘমল্লার বসু।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে