ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত

২০২৬ জুলাই ২৪ ১০:৪৬:১৬
বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁস ইস্যুতে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

এদিন প্রশ্নফাঁস ও আন্দোলন নিয়ে এটি ছিল মোদির দ্বিতীয় বক্তব্য। এর আগে তিনি দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন।

মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি বলেন, ‘আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের। তাই গত আড়াই মাসে সরকার এ বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে।’

তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে লক্ষ্যেও সরকার দ্রুত পরীক্ষা আয়োজন করেছে। তাঁর দাবি, প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।

মোদি আরও বলেন, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব বৃহস্পতিবার রাতেই অনুমোদন পেয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। পরে সংসদের দ্বিতীয় সপ্তাহে এ-সংক্রান্ত বিল দ্রুত পাসের চেষ্টা করা হবে।

তবে মোদির ঘোষণার পরও আন্দোলনকারীদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এদিকে বৃহস্পতিবার রাতেই কেন্দ্র সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ কুমার গাঙ্গোয়ার। এছাড়া টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হতে পারে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং সরকারি পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, গত ৬ জুন শুরু হওয়া আন্দোলন ২৮ জুন নতুন মাত্রা পায়, যখন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন। বৃহস্পতিবারও যন্তর মন্তরে শত শত শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে