ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী

২০২৬ জুলাই ২৫ ১১:১২:৪২
একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নীতি থেকে সরে আসতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কাঠমান্ডুতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্তে (ওয়ান-অন-ওয়ান) বৈঠক না করার যে নীতি তিনি এতদিন অনুসরণ করে আসছিলেন, এবার তা পরিবর্তন করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল যে নয়াদিল্লি ও বেইজিং—উভয়কেই সমান গুরুত্ব দেয়, সেই বার্তা দিতেই একই দিনে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করা হয়েছে।

নেপালের নতুন প্রধানমন্ত্রীরা সাধারণত দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্তে বৈঠক করে থাকেন। তবে অভ্যুত্থানের পর ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের এই কূটনৈতিক রীতিতে পরিবর্তন আনেন বলেন্দ্র শাহ।

দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে একান্ত বৈঠক এড়িয়ে চলেছেন তিনি। তার এই অবস্থান নেপালের প্রচলিত কূটনৈতিক চর্চা থেকে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হিসেবে দেখা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গেও সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভব করছে তাঁর সরকার।

নেপালের প্রধানমন্ত্রীর একজন সহকারী কাঠমান্ডু পোস্টকে বলেন, ‘বলেন্দ্র শাহ গত দুই সপ্তাহে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, তাঁর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গেও যোগাযোগ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিবেচনা করলে আমাদের দুই প্রতিবেশী ভারত ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গেও যোগাযোগ শুরু করাটাই স্বাভাবিক।’

ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা নেপালের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ফলে একই দিনে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তকে দেশটির দুই প্রতিবেশীর প্রতি সমান গুরুত্ব দেওয়ার একটি কূটনৈতিক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে