ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক

২০২৬ জুলাই ২৪ ১০:৫২:৪৯
৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক

নিজস্ব প্রতিবেদক: ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিনের অনশন শেষ করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনের মূল দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, দুই কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের বহু সংসদ সদস্যের অনুরোধে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আলোচনার পাশাপাশি দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নেন।

তিনি লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। এ ছাড়া ৬৫ জন সংসদ সদস্য সরাসরি বা চিঠির মাধ্যমে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। আলোচনায় কী বিষয়ে সমঝোতা হয়েছে, সে বিষয়ে শিগগিরই ভিডিও বার্তায় বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াংচুক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

গত মে মাসে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। তাদের অভিযোগ, প্রশ্নফাঁসের কারণে ব্যাপক অনিয়মের সুযোগ তৈরি হয়েছে এবং এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া স্বঘোষিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ বলেন, সোনম ওয়াংচুকের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা এবং পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনশন ভাঙার পর ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, সংসদ অভিমুখে বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ তুলে শুক্রবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকার অবশ্য তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে হাজারো বিক্ষোভকারী জড়ো হন। নিরাপত্তার কারণে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কেন্দ্রীয় এলাকার ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং মোবাইল ইন্টারনেট সেবাও সীমিত করা হয়। এর প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল লেনদেনেও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে