ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন

২০২৬ জুলাই ২২ ১১:১০:৫২
এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে প্রচণ্ড গরম থেকে মানুষকে স্বস্তি দিতে নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে জাপানি প্রতিষ্ঠান এডিআরএস। ‘দো হাইমন বক্স’ নামের এই যন্ত্রটি তৈরি করা হয়েছে মানুষের শরীর দ্রুত ঠান্ডা করার জন্য, যা অনেকেই ‘হিউম্যান রেফ্রিজারেটর’ বা ‘মানব ফ্রিজ’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

জাপানের প্রচলিত রেফ্রিজারেটেড ভেন্ডিং মেশিনের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ বুথ। একজন মানুষ বসতে পারবেন এমনভাবে তৈরি করা এই যন্ত্রের ভেতরের তাপমাত্রা আগে থেকেই ১৫ ডিগ্রি সেলসিয়াসে নিয়ন্ত্রণ করা থাকে।

বুথে বসার পর মাথা, ঘাড়, কাঁধ ও পিঠ লক্ষ্য করে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। নির্মাতাদের দাবি, এতে কয়েক মিনিটের মধ্যেই শরীর ঠান্ডা হতে শুরু করে এবং প্রায় ১০ মিনিট ব্যবহারের পর অতিরিক্ত গরমের কারণে দেখা দেওয়া অস্বস্তি কমতে পারে।

দীর্ঘ সময় বাইরে কাজ করা মানুষ, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মীসহ গরমের মধ্যে থাকা কর্মীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ স্পট এসির তুলনায় এই যন্ত্রে বিদ্যুৎ খরচ কম হয়। অতিরিক্ত ঠান্ডা হওয়া ঠেকাতে এটি ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া চাকা থাকায় সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং আলাদা কোনো স্থাপনার প্রয়োজন হয় না।

গত এপ্রিল মাসে বাজারে আসার পর থেকেই প্রযুক্তিটি আগ্রহ তৈরি করেছে। জাপানের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের মধ্যে এটি ব্যবহার করা হচ্ছে। দেশটির গুন্মা প্রিফেকচারের মায়েবাশি সিটি হলে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগও দেওয়া হয়েছে।

বর্তমানে এই ‘মানব ফ্রিজ’ মূলত ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থার জন্য তৈরি করা হচ্ছে। স্ট্যান্ডার্ড মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ লাখ জাপানি ইয়েন (প্রায় ৯ হাজার ৩২৬ মার্কিন ডলার)।

তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি হিট স্ট্রোক প্রতিরোধে সহায়ক হলেও প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ব্যবস্থা বজায় রাখাও জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে