ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা

২০২৬ জুলাই ০২ ১৮:৪৯:৫০
শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত জুন মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। তবে শক্তিশালী এ প্রবৃদ্ধি সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছর শেষে মোট রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, জুন মাসে সব পণ্য মিলিয়ে রপ্তানি আয় হয়েছে ৪.২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩.৩৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১ শতাংশ।

জুনে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকেই এসেছে রপ্তানি বৃদ্ধির প্রধান অবদান। মাসটিতে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩.৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের জুনে ছিল ২.৭৯ বিলিয়ন ডলার। এ হিসাবে খাতটিতে প্রবৃদ্ধি হয়েছে ২১.৫২ শতাংশ।

তবে পুরো ২০২৫-২৬ অর্থবছরে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.০০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৪৮.২৮ বিলিয়ন ডলার থেকে ০.৫৮ শতাংশ কম।

অর্থবছরজুড়ে তৈরি পোশাক রপ্তানিও আগের বছরের তুলনায় কমেছে। বিদায়ী অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩৮.৭০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩৯.৩৫ বিলিয়ন ডলার থেকে ১.৬৪ শতাংশ কম।

পোশাকের পাশাপাশি আরও কয়েকটি খাতেও রপ্তানি আয় কমেছে। এর মধ্যে—তামাকজাত পণ্য: ২১.৩৬%, চা: ১৮.৭৮%, সিরামিক: ১৮.৫৭%, হস্তশিল্প: ১৪.৭৩%, পাট ও পাটজাত পণ্য: ১১.৬৪%

সার্বিক রপ্তানি কিছুটা কমলেও কয়েকটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে জাহাজ নির্মাণ শিল্পে রপ্তানি আয় বেড়েছে ৬৬৬ শতাংশ। এছাড়া ফল, বাইসাইকেল, ইলেকট্রনিক পণ্যসহ বেশ কয়েকটি খাতেও উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে