ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি

২০২৬ জুলাই ০২ ১৮:৩৯:৩৫
জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের বিএনপিপন্থী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি দাবি করেছেন, জুলাই আন্দোলনের পেছনে একটি 'ডিজাইন' ছিল। তবে সেটি ষড়যন্ত্র ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।

বুধবার (১ জুলাই) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর 'টু দ্য পয়েন্ট' অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. আলাউদ্দিনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মনি বলেন, আন্দোলনের সময় কারা নেতৃত্ব দিচ্ছিল, কারা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল—এসব বিষয়ে অনেক তথ্য রয়েছে। তার ভাষ্য, আন্দোলনের নেতৃত্ব ও বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

আন্দোলনের সময় গুলিবর্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক ক্ষেত্রে গুলির শব্দ শোনা যায়নি এবং পরে স্নাইপারের গুলির কথা বলা হয়েছে। উপস্থাপক সোমা ইসলাম জানতে চান, তাহলে এটি কি কোনো পরিকল্পিত ঘটনা ছিল?

জবাবে মনি বলেন, "ডিজাইন তো অবশ্যই ছিল। সেটা ষড়যন্ত্র ছিল কি না, সেটি ভিন্ন প্রশ্ন। তবে একই সঙ্গে এটাও সত্যি, শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।"

মনির বক্তব্যের তীব্র বিরোধিতা করেন অনুষ্ঠানের অপর অতিথি এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. আলাউদ্দিন। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আন্দোলনকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। তার প্রশ্ন ছিল, যদি 'ডিজাইন' থেকে থাকে, তাহলে সেটি কারা করেছে?

জবাবে মনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ভবিষ্যতে সামনে আসতে পারে। এ সময় তিনি আন্দোলনের সময়কার স্নাইপার হামলার বিষয়েও নিজের সন্দেহের কথা তুলে ধরেন। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

আলোচনায় নিলোফার মনি আন্দোলনের সময় নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানান। তিনি বলেন, সে সময় কয়েকজন আন্দোলনকারী তার বাসায় খাবার খেতে এসেছিলেন। তাদের একজন পরে নিহত হয়েছেন বলে তিনি জানতে পারেন।

তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই একে অপরকে চিনতেন না এবং কোথা থেকে খাবার বা সহায়তা আসছিল, সে সম্পর্কেও তারা অবগত ছিলেন না।

টকশোতে দেওয়া মনির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও ফেসবুক পোস্টে এ বক্তব্যের সমালোচনা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে