ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬

গুজব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে  শেয়ারবাজার

২০২৬ জুন ২৮ ১৪:৩৮:৫০
গুজব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে  শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারদরও ঊর্ধ্বমুখী ছিল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে গুজবনির্ভর লেনদেন থেকে সরে এসে বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্কতার সঙ্গে বিনিয়োগ করছেন। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাড়তি নজরদারিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়া বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের অনেক প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, আর মাত্র দুইদিন পরই অধিকাংশ খাতের কোম্পানির আর্থিক বছর শেষ হবে। ফলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এসব কারণে বিনিয়োগকারীদের আস্থা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং বাজারে তাদের অংশগ্রহণও বেড়েছে। এরই প্রতিফলন দেখা গেছে সার্বিক বাজার পরিস্থিতিতে। বাজারসংশ্লিষ্টদের আশা, আগামী দিনগুলোতেও এ ইতিবাচক ধারা বজায় থাকবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১৩ দশমিক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৫৬ দশমিক ৯৬ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ দশমিক ৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। রোববার ডিএসইতে মোট প্রায় ১ হাজার ৩৬৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন প্রায় ২৬০ কোটি ২৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ৯৮ কোটি ৮৩ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬২টির দর কমেছে এবং ৩২টির দামে কোনো পরিবর্তন হয়নি।

সূচকের দিক থেকেও ইতিবাচক অবস্থানে ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৪৬ দশমিক ৫০ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে এ সূচক ২৯ দশমিক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে