ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬

পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর

২০২৬ জুন ২৭ ১১:৩৬:১৪
পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত অন্তর মজুমদার (২৮)-এর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।শনিবার (২৭ জুন) সকালে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চরভাটা এলাকার বাসিন্দা। প্রথমে মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় নিহতের দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল জানান, সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় রায়পুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

গত ২৫ জুন সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ঢুকে অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই শাহিনুর বেগম, তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (৯) নিহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন অন্তরকে আটক করে গণপিটুনি দিলে তিনিও নিহত হন।অভিযুক্ত ব্যক্তি বিচারিক প্রক্রিয়ার আগে নিহত হওয়ায় ঘটনাটির পূর্ণ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য নির্ধারণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে