ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

২০২৬ জুন ২৬ ১০:৩৬:১৭
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন-সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে নীতিগত মতৈক্যে পৌঁছানো হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী-সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আরও একটি বৈঠক হতে পারে।

সরকার এরই মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে সংশোধিত বেতনের অর্থ কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছাতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে-স্কেলের সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যদিও বেতন কত শতাংশ বাড়বে বা নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সরকার তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে।

প্রথম প্রস্তাবে মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে।

তবে বেতন বৃদ্ধির হার ও বাস্তবায়ন কাঠামো সম্পর্কে এখনো সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী-সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে