ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা

২০২৬ জুন ২৫ ১৯:৪৫:২৬
বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে কাজ এগিয়ে চললেও মূল বেতন বৃদ্ধির পাশাপাশি কয়েকটি ভাতা পুনর্নির্ধারণ বা যৌক্তিক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নতুন পে-স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং বিভিন্ন ভাতার কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নতুন অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৪৪ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পেয়ে থাকেন। নতুন পে-স্কেলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে একই অনুপাতে ভাতা বহাল থাকলে সরকারের ব্যয় অনেক বেড়ে যেতে পারে। তাই বাড়িভাড়া ভাতার হার পুনর্বিবেচনার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোতে এই ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ বা নির্দিষ্ট সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য দেওয়া শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার সীমা নির্ধারণের প্রস্তাব আলোচনায় রয়েছে।

নির্দিষ্ট গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা পুনর্মূল্যায়নের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

বর্তমান বাস্তবতায় সীমিত কার্যকারিতা রয়েছে বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে—এমন কিছু ছোটখাটো ভাতা বাতিলের প্রস্তাবও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বেতন বৃদ্ধি প্রয়োজন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জনপ্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি জনগণ যেন দ্রুত ও মানসম্মত সেবা পায়, সেটিও নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অর্থ বিভাগ ও সচিব কমিটির সুপারিশ অনুমোদনের জন্য সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে। তবে ভাতার হার, সম্ভাব্য কাটছাঁট বা নতুন কাঠামো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি গেজেট প্রকাশের পরই জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে