ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চীনের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে জ্বালানি বাজার

২০২৬ জুন ২৩ ১১:৫২:৩৮
চীনের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে জ্বালানি বাজার

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে তেলের দামের ভবিষ্যৎ ক্রমেই চীনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সরবরাহ সংকট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তেলের বাজারে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারীর ভূমিকায় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে চাপ সৃষ্টি হলেও চীন আমদানি কমানো, মজুত তেল ব্যবহার এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়িয়ে বাজারে মূল্যবৃদ্ধির চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে চীন প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল আমদানি কমিয়েছে। এতে বৈশ্বিক বাজারে চাহিদার চাপ কিছুটা কমেছে এবং তেলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়নি।

চীনের কাছে বর্তমানে বিপুল পরিমাণ কৌশলগত ও বাণিজ্যিক তেল মজুত রয়েছে। কয়েক বছর ধরে তুলনামূলক কম দামে তেল কিনে দেশটি মজুত বাড়িয়েছে। বিভিন্ন বিশ্লেষকের হিসাব অনুযায়ী, চীনের মোট তেল মজুত ১০০ কোটিরও বেশি ব্যারেলে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই মজুত ব্যবহার করে চীন আপাতত বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পারলেও দীর্ঘমেয়াদে এ কৌশল অব্যাহত রাখা কঠিন হতে পারে।

তেলের বাজারে চীনের প্রভাব বৃদ্ধির আরেকটি কারণ দেশটিতে বৈদ্যুতিক ও নতুন জ্বালানিচালিত গাড়ির দ্রুত প্রসার। বর্তমানে চীনে বিক্রি হওয়া নতুন ব্যক্তিগত গাড়ির প্রায় অর্ধেকই বিকল্প জ্বালানিনির্ভর। এর ফলে দেশটিতে দৈনিক তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) সতর্ক করেছে, হরমুজ প্রণালির মাধ্যমে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে আগামী বছর বৈশ্বিক বাজারে অতিরিক্ত তেল সরবরাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তখন চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় চীনের ক্রয়নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে তেলের দাম বাড়বে নাকি কমবে—তার বড় অংশই নির্ভর করবে চীন অতিরিক্ত তেল কিনে মজুত করবে, নাকি আমদানি কমিয়ে রাখবে তার ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে