ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৬ জুন ২১ ১০:৪১:৪১
প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত আদালতের আদেশে বলা হয়, মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গোমেজকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিলে একটি ডানপন্থী দুর্নীতিবিরোধী গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ, প্রভাব খাটানো এবং ব্যবসায়িক লেনদেনে অনিয়মের অভিযোগ আনা হয়।

অভিযোগ অনুযায়ী, মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পদ সৃষ্টি ও এর ব্যবস্থাপনায় তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে প্রভাব খাটিয়েছেন এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ব্যবহার করেছেন।

তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেগোনা গোমেজ শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলও গোমেজের পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছে, তিনি রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার।

এদিকে, এই মামলাসহ একাধিক দুর্নীতির অভিযোগে সানচেজের পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন সাবেক রাজনৈতিক সহযোগী তদন্তের মুখে রয়েছেন। বিরোধী দলগুলো এ ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানালেও সানচেজ তা প্রত্যাখ্যান করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবার ও ঘনিষ্ঠদের ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগগুলো বর্তমানে সানচেজ সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে