ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

শ্রমবাজার, বিনিয়োগ ও তিস্তা—এক সফরেই একাধিক বড় লক্ষ্য

২০২৬ জুন ২১ ১০:৩৩:৪৩
শ্রমবাজার, বিনিয়োগ ও তিস্তা—এক সফরেই একাধিক বড় লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন তিনি। দুই দেশ মিলিয়ে ছয় দিনের এ সফরকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে।

সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা, অনিয়মিত কর্মীদের বৈধতার সুযোগ এবং স্বচ্ছ কর্মী নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা। প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, হালাল পণ্য রপ্তানি, কৃষি, প্রযুক্তি ও উৎপাদন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হবেন। ২৩ জুন তিনি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেবেন। পরে বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, আরসিইপি, ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়েও চীনের সমর্থন চাওয়া হতে পারে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে