ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

২০২৬ জুন ১৯ ১০:২৪:৫৩
বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক: নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ভোরে সশস্ত্র হামলায় মোট ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে তারা ঘটনাটিকে ছোটখাটো বিস্ফোরণ মনে করলেও পরে বড় ধরনের হামলার বিষয়টি স্পষ্ট হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ হামলাকারী নিহত এবং চারজন আহত হয়। এ ছাড়া ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক, যোগাযোগ যন্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।

কর্তৃপক্ষ জানায়, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। বিমানবন্দর-সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তার মতে, দ্রুত প্রতিরোধের কারণেই বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের প্রধান বেসামরিক বিমানবন্দর হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও। বিমানবন্দর এলাকাটি সাহেল অঞ্চলের বিভিন্ন কৌশলগত কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত।

গত এক দশক ধরে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে নাইজার। চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সে সময় ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছিল।

হামলার ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেনি নাইজারের কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে